ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চোরাগোপ্তা পথে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “অতীতের কাসুন্দি ও পুরোনো ধাঁচের রাজনীতি জনগণ আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির অবসান চায় আজকের তরুণ সমাজ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেই বিজয়ী হোক, আমরা তাকে মেনে নেবো। কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।”
তিনি আরও বলেন, “জনগণ যদি ভালোবেসে আমাদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।”
উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “নদী সংস্কারের মাধ্যমে দেশ সংস্কারের কাজ শুরু করা হবে। কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। অতীতে যে জেলা যত বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেসব জেলায় তত বেশি উন্নয়ন নিশ্চিত করবো।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার বিরুদ্ধে তিনি সোচ্চার অবস্থান নেওয়ায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াত আমির বলেন, “আমরা প্রশাসনের কাছে কোনো আনুকূল্য চাই না। তবে আমাদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হলে তার কঠিন জবাব দেওয়া হবে।”