ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, যেখানে যেখানে তার প্রচারণার ব্যানার টাঙানো ছিল, সেসব জায়গায় এখন অন্য প্রার্থীদের ব্যানার দেখা যাচ্ছে—এ বিষয়টি এলাকাবাসী প্রত্যক্ষ করছেন।
নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে পুনরায় ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি এবং তা পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হচ্ছে। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।”
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি ‘অনেস্ট রাজনীতি’ প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “আপনারা মানুষকে সৎ রাজনীতির কথা বলেন—এর জন্য ধন্যবাদ। তবে সৎ রাজনীতি একা করা যায় না। নেতাকর্মীদেরও সৎ হতে হয়। দয়া করে আপনারা নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখুন।”
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ডা. তাসনিম জারা বলেন, “মানুষ আর পেশিশক্তিনির্ভর রাজনীতি দেখতে চায় না। তারা পরিবর্তনের রাজনীতি চায়। আমি প্রথাগত রাজনীতির বাইরে এসে প্রমাণ করতে চাই—এই দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।”
ভোট নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, “ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ স্পষ্ট। প্রবীণ ভোটারদের পাশাপাশি নতুন ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছেন। তবে ভোটের পরিবেশ নিয়ে কিছুটা উদ্বেগের কথাও শুনছি। আশা করছি, অতীতের মতো আর কিছু ঘটবে না।”
এ সময় তিনি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।