ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পুরনো কায়দায় বানচালের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “১২ তারিখ একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে। তারা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করতে পারে। তবে প্রশাসন সক্রিয় থাকলে এ ধরনের অপচেষ্টা সফল হবে না।” তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, তাঁর নির্বাচনী প্রচারণা পুরোপুরি জনগণের অর্থায়নে পরিচালিত হচ্ছে। কোনো অবৈধ উৎস বা প্রভাবশালী গোষ্ঠীর ওপর নির্ভর না করে সাধারণ মানুষের সমর্থনেই তিনি মাঠে আছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম।
এ সময় তিনি ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীকে নিয়েও মন্তব্য করেন। নাহিদ ইসলামের দাবি, ওই প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যা সংবিধান ও নির্বাচনী আইনের আলোকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বৈধ নয়।
বক্তব্যের শেষে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভয় বা বিভ্রান্তিতে না পড়ে সবাইকে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের শক্তিই শেষ পর্যন্ত সব অপচেষ্টা রুখে দেবে।”