এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের অভিযোগকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
পোস্টে নাছির উদ্দিন নাছির লেখেন, মুক্তিযুদ্ধের বিরোধিতার পাপে কলঙ্কিত ও গণহত্যার দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়েও অনুতপ্ত নয়। ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামের এক জনসভায় জামায়াত আমির দাবি করেছেন যে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা ও “We revolt” প্রথম বলেছিলেন কর্নেল অলি আহমেদ। নাছির এই বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে তামাশা বলে আখ্যা দেন। তাঁর দাবি অনুযায়ী, ইতিহাসে এক ও অভিন্নভাবে প্রমাণিত—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।
নাছির আরও লেখেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সময় মেজর জিয়াউর রহমান বিদ্রোহের ঘোষণা দেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। তিনি অভিযোগ করেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাত তুলে এখন ইতিহাস নিয়েও মিথ্যাচার করছেন জামায়াত আমির। তাই তিনি বলেন, “আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা।”