কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত–এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগের নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদকসম্রাটদের উপর নির্ভর করলেও তাঁর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সাধারণ জনগণের শক্তিতেই রাজনীতি করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। আমরা চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেইনি, তাই তাদের কাছে দায়বদ্ধও নই। কোনো কাজ করলে জনগণের আদালতেই জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, ১২ তারিখের পর দেবিদ্বারে মাদকসম্রাট ও মাদক ব্যবসার কোনো স্থান থাকবে না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই মাদক সংশ্লিষ্টদের অপকর্মের শেষ অধ্যায় শুরু হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, যারা অবৈধ পথে জীবিকা নির্বাহ করতেন, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। “লজ্জা না রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা কাজের ব্যবস্থা করে দেব,”— বলেন তিনি।
বক্তব্যের শেষে হাসনাত আব্দুল্লাহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিদিন অন্তত ১০টি ভোট নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করতে হবে এবং ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে হবে। নির্বাচনী বৈঠকে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।