“ইসলাম পালন করার বিষয়, বিক্রি করার কোনো বস্তু নয়। আমরা ইসলাম বিক্রি করে খাই না। কিন্তু একটি দল ইসলামকে পণ্যে পরিণত করেছে”—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “যারা সত্যিকার অর্থে মুসলমান হতে চান, তারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ পালন করেন। কিন্তু কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে—সে সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তায়ালার। এ বিষয়ে কেউ নিশ্চয়তা দিতে পারে না। যারা এমন গ্যারান্টি দেয়, তারা নাফরমানির কাজ করে।”
নিজের রাজনৈতিক ও পারিবারিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো স্বার্থের রাজনীতি করেননি। সালথা-নগরকান্দার সব মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন, দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন। গত ১৮ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, আজীবন পাশে থাকব।”
তিনি আরও বলেন, “আমার বাবার কাছে যেমন আলেম-ওলামারা নিরাপদ ছিলেন, আমার কাছেও তারা নিরাপদ থাকবেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে একটি ভোট দিয়ে যদি আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেন, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, “দুর্নীতিকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। যারা চাঁদাবাজি করে, মাদক বিক্রি ও সেবন করে—তাদের সালথা থেকে নির্মূল করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এটি সম্ভব।”
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।