জামায়াত ক্ষমতায় গেলে ইসলামি শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না—এমন বক্তব্যের সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
তিনি বলেন, জামায়াতের আমির নিজেই স্পষ্টভাবে বলেছেন, তারা রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত আইনের মাধ্যমে। অথচ এই প্রচলিত আইনেই দেশ গত ৫৩–৫৪ বছর পরিচালিত হয়েছে, কিন্তু তাতে মানুষ প্রকৃত শান্তি পায়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, “অনেকে বড় আলেম হতে পারেন, জ্ঞানী ও যোগ্য হতে পারেন। কিন্তু আসল প্রশ্ন হলো—তার আদর্শ কী এবং তিনি বাস্তবে কী চান। জামায়াতের নেতৃত্বাধীন জোটের নেতারা নিজেরাই বলছেন, তারা ইসলামি শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না। এমন অবস্থায় আদর্শের প্রশ্নে কোনো আপস করা যায় না।”
তিনি আরও বলেন, “অনেকে বলতে পারেন, আমাদের প্রার্থী আলেম নন। আমরা আলেমদের সম্মান করি এবং করব। কিন্তু ভুল নীতি ও আদর্শের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম নজু।
এ সময় চরমোনাই পীর প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন এবং শান্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মেজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান ও আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।