আগামী নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ জুলুমের হবে, নাকি ইনসাফের—এমন মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের বিষয় নয়; এই নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ জিম্মির থাকবে নাকি মুক্তির পথে এগোবে। তিনি বলেন, “বিগত দেড় বছরে কে কী করেছে, সেই বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বাবা-দাদারা যে মার্কায় ভোট দিয়েছেন, আমরাও সেই মার্কায় ভোট দেব—এই মানসিকতা থাকলে পূর্বসূরিদের মতো আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।
গত দেড় বছরে কারা জুলুম-নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তা আমাদের গভীরভাবে ভাবতে হবে। সিদ্ধান্ত নিতে হবে—আমরা জুলুমের পক্ষে থাকব, না ইনসাফের পক্ষে।”
সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অভ্যুত্থানের পর আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িঘর পাহারা দিয়েছি। অথচ একটি দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জনের জায়গা ও মন্দিরের খাসজমি দখল করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে। সনাতন ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই—দেড় বছরের কষ্ট কয়েক দিনের মিষ্টি কথায় ভুলে যাবেন না।”
অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।