ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, যারা গত দেড় বছর ধরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিল, তাদের আসন্ন নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। তিনি বলেন, ভোটের সময় এসব গোষ্ঠী রঙিন স্বপ্ন দেখালেও জনগণ এখন বাস্তবতা বুঝে গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। আবু সাদিক কায়েম বলেন, যারা মা-বোনদের বিবস্ত্র করার হুমকি দিয়েছে এবং উত্তরবঙ্গের দীর্ঘদিনের সম্ভাবনাকে নষ্ট করেছে, তাদেরও ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখাতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গকে কৃষিশীল রাজনীতির মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। কৃষি সম্ভাবনার উন্নয়ন, শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং জামায়াত ক্ষমতায় এলে ৫০ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।
ডাকসুর ভিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে। তার ভাষায়, ‘হ্যাঁ’ মানে আজাদি, শহীদ ওসমান হাদির বিচার এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আইনি স্বীকৃতি। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।