নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রুহী অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মোনাফেকি করে আসছে। তিনি বলেন, ১১ দলীয় জোটের সঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আসন সমঝোতা হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। কেন্দ্রীয় দায়িত্বে থেকেও বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার অভিযোগ তোলেন তিনি।
রুহী আরও বলেন, জোটের পক্ষ থেকে বিভিন্ন সমাবেশে তাদের ব্যবহার করা হলেও নির্বাচনী আসন সমঝোতায় উপেক্ষা করা হয়েছে। সর্বশেষ প্রার্থী তালিকায়ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সমঝোতা না হওয়ার বিষয়টি স্পষ্ট ছিল বলে তিনি দাবি করেন।
অবমূল্যায়নের কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রুহী। তবে এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়; জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি বিএনপি প্রার্থীকে সমর্থন দিচ্ছেন।