বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। তিনি বলেন, “ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।”
সোমবার (৩ জানুয়ারি) হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত জনতার সঙ্গে তিনি ‘তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে’ এবং ‘তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে’—এমন স্লোগান দেন।
হান্নান মাসউদ বলেন, “আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা দিচ্ছে কার্ড। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা উন্নয়ন ও সুশাসনের কথা বলতে এসেছি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়।” যারা এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, এই লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। আগামী ১২ তারিখ কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর বিজয় হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াত নেতা আবদুল কাদের, এনপিপির তমরদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।