জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। তিনি বলেন, এক পক্ষ ভারতীয় গোলামির জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকাঙ্ক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা শেষে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যেখানে ১০০ টাকা দিতে হতো, এখন সেখানে ৩০০ টাকা দিতে হচ্ছে। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে বহু মানুষ ব্যবসা-বাণিজ্য ছেড়ে ঘরে বসে থাকতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, জনগণের প্রয়োজন ‘এন্টি-চাঁদাবাজি কার্ড’। তিনি আরও বলেন, একদিকে শহীদ হাদীকে অবমূল্যায়ন করা হচ্ছে, অন্যদিকে দেশের মানুষ তার মতো সাহসী হতে চায়।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও এ অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, অতীত সরকারগুলোর লুটপাটের কারণে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশ পরিবর্তনের নির্বাচন। ভোটারদের চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে রায় দিতে আহ্বান জানান তিনি।