ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাঁড়িপাল্লার পক্ষে বাড়তে থাকা জনসমর্থন দেখে প্রতিপক্ষরা ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, এই ভয়ের কারণেই প্রতিপক্ষ নানা অপপ্রচার ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি নামাপাড়ায় জনসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. খালিদুজ্জামান বলেন, যতই মিথ্যা প্রচারণা চালানো হোক না কেন, জনগণ এখন আর সেসব বিশ্বাস করে না। কতিপয় গৃহপালিত মিডিয়ার মাধ্যমে মিথ্যা ছড়িয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, যারা নারী লাঞ্ছনা, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত, তারাই আবার জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
ডা. খালিদুজ্জামান আরও বলেন, দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ বাস্তবতা বুঝে গেছে। সেই বাস্তবতা আড়াল করতেই তারা অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। তবে এসব অপচেষ্টা ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণ সবকিছু বুঝে গেছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে।