জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যে যাই বলুক—অতীতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। নানা ষড়যন্ত্র হলেও জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের রাজনীতিতে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য অতীতে বহু ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এসব চক্রান্ত করেও কেউ সফল হতে পারেনি। বরং জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি সংগঠিত ও উজ্জীবিত হয়েছে।
জিএম কাদের বলেন, রংপুরের মানুষ যেভাবে জাতীয় পার্টিকে আগলে রেখেছে, সেভাবেই আজীবন আগলে রাখবে। এই অঞ্চলের জনগণের ভালোবাসা ও সমর্থনই জাতীয় পার্টির শক্তির মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগের তুলনায় লাঙ্গল প্রতীকের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয় পার্টি বিজয়ী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার রাজনীতি করে। ষড়যন্ত্র ও অপপ্রচার দিয়ে এই দলের অগ্রযাত্রা থামানো যাবে না। আগামী নির্বাচনেও জনগণ জাতীয় পার্টির পাশেই থাকবে বলে বিশ্বাস করেন তিনি।