বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে, যেখানে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি মহেশখালী উপজেলায় পৃথক আরেকটি জনসভায় অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, “রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী—যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান—এই নীতিই আমরা প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি কক্সবাজারকে একটি সম্ভাবনাময় জেলা উল্লেখ করে বলেন, প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও অর্থনৈতিক সুযোগ সঠিকভাবে কাজে লাগানো গেলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির দাবি করেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি মা-বোনদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান ও আইনের শাসন নিশ্চিত করার নির্বাচন।
জনসভায় জেলা জামায়াত সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।