ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যখন ইসলামের পক্ষে ঐক্যের আহ্বান জানানো হয়েছিল, তখন সারাদেশের মানুষ সেই ডাকে সাড়া দিয়েছিল।
কিন্তু সে সময় একটি বিশেষ দল ইসলামের আদর্শের পরিবর্তে ক্ষমতার লোভে ঝুঁকে পড়ে বলে তিনি অভিযোগ করেন—ইঙ্গিত করেন জামায়াতে ইসলামীকে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাই স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, “হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশ বারবার দুর্নীতিতে শীর্ষ অবস্থানে গেছে। অথচ একটি দল ইসলামের লেবেল ব্যবহার করে এ দেশে আমেরিকার নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে চায়, ভারত ও ব্রিটিশ সংস্কৃতি চাপিয়ে দিতে চায়।”
তিনি আরও বলেন, “তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমরা ইমিটেশন স্বর্ণ চাই না—আমরা আসল স্বর্ণ চাই। বাংলাদেশে আমরা বাস্তব ইসলামের চর্চা দেখতে চাই।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে—এমন ধারণা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে মনে করে আমরা একা। কিন্তু আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম আছেন, আর আছেন ইসলাম ও দেশকে ভালোবাসা মানুষ।”
জনসভায় নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিত্বে দলটির বিভিন্ন আসনের প্রার্থী ও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।