বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা একসঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের ব্যাপার।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েকদিন ধরে তিনি ভোলার বিভিন্ন গ্রামাঞ্চলে পায়ে হেঁটে ও মোটরসাইকেলে ঘুরে দেখেছেন। এ সময় তিনি এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, “ভোলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নেই, মেডিকেল কলেজ নেই, তরুণদের কর্মসংস্থানের সুযোগও নেই। ভোলাকে এগিয়ে নিতে আমাদের অনেক কাজ করতে হবে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোটারদের গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে তারা সমাজে বিভ্রান্তি ও ‘দাজ্জালের ফেতনা’ ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম।
এ ছাড়া ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।