ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তির মধ্যে একটি স্পষ্ট লড়াই।
তিনি বলেন, “আওয়ামী লীগের সবাই অপরাধ করেনি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাব—আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।”
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জের বগেরগাছী বাজারে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের যারা কোনো অন্যায় বা অপরাধ করেনি, তারা বিএনপির কাছে নিরাপদ। আমি বারবার বলছি—আওয়ামী লীগের সবাই তো অপরাধী নয়।” তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাবেক এমপি আনার সাহেবের মার্কেট দখল করা হয়েছে এবং সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে।
কালীগঞ্জের হাট-বাজার দখল ও টেন্ডার বাণিজ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব অনিয়ম কারা করেছে, জনগণ তা খোঁজ নিলেই সত্য বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর ঝিনাইদহ-৪ আসনে পাঁচজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনার দায় কারা নেবে—সে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, জনগণ তাদের ভালো করেই চেনে।
রাশেদ খান বলেন, “আজ যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের নেতাকর্মীরাই এসব ঘটনার সঙ্গে জড়িত। আমরা বিশ্বাস করি, এই খুনিদের জনগণ কোনোভাবেই আশ্রয় দেবে না। জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।”