বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মায়েদের ইজ্জতে আঘাত করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রোববার (১ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি আসন ঢাকা-১৫–এ আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। এমন একটি দেশ চাই, যেখানে নারীরা পূর্ণ মর্যাদা ও ইজ্জত নিয়ে নিরাপদে বসবাস করতে পারবেন। আমাদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য বেশি। সব ধরনের নির্যাতন সহ্য করা যায়, কিন্তু মায়ের ইজ্জতে টান দেওয়া কখনোই সহ্য করা হবে না।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দল দেশে খুন, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিলে দেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, “বুকের রক্ত দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। নতুন করে কোনো ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কোথা থেকে এবং কীভাবে আমার এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে, তা শনাক্ত করা হয়েছে। আমি হাসিনাকে পরোয়া করিনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্রয় দেব না।”
পথসভায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।