বিএনপি মহাসচিব ও দলটির ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
‘জামায়াতে ইসলাম শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি, ইতিহাস বলছে তারা ১৯৪৭ সালেও পাকিস্তানের বিরোধিতা করেছিল। অর্থাৎ তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি বলেন,
অনেক মানুষ এসব ইতিহাস জানেন না, কিন্তু বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যে দল বাংলাদেশ রাষ্ট্রকেই বিশ্বাস করেনি, তারা কি এই দেশকে নিরাপদে রাখতে পারবে। তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কি এ দেশের মানুষ ভালো থাকবে, এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
পথসভায় মির্জা ফখরুল বলেন,
একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার রাজনৈতিক নেতৃত্বের চরিত্র ও ইতিহাসের ওপর। যে রাজনৈতিক শক্তি জন্মলগ্ন থেকেই এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রচিন্তাকে অস্বীকার করেছে, তাদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া মানে জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া।
তিনি বলেন,
‘যে দল অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনো সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি, এমন দলকে সমর্থন করা যায় না। আমরা বারবার বলছি, যারা বাংলাদেশের ক্ষতি করেছে, তাদের কখনোই ভোট দেওয়া উচিত নয়।’
বিএনপি মহাসচিব বলেন, ইতিহাস শুধু অতীতের দলিল নয়, ইতিহাস বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশক। যে দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আবার ১৯৪৭ সালেও বাঙালির স্বার্থের পক্ষে ছিল না, সেই দল কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক শক্তির কাছে দেশ ও জনগণ কখনো নিরাপদ নয়।
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, কোনো এলাকা তখনই উন্নত হয়, যখন সেই এলাকা থেকে একটি ভালো, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব ভালো হলে উন্নয়ন আসবেই। তিনি বলেন, উন্নয়ন শুধু রাস্তা, ঘাট বা ভবন নির্মাণ নয়, উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, সম্মান, অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করা। বিএনপি সেই লক্ষ্য নিয়েই রাজনীতি করে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন আবার একটি গুরুত্বপূর্ণ সময় সামনে এসেছে। এই সময়ে ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে আবারও মূল্য দিতে হবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইতিহাস, বাস্তবতা ও দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা অতীতে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের হাতে যেন রাষ্ট্রের দায়িত্ব না যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব নির্বাচন করা এখন সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতির জন্য বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।