বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা এখনই হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে না।
তিনি বলেন, “এই ধরনের শক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই আগামী নির্বাচনে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের আমরা লাল কার্ড দেখাব।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা ও খলশিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনী মাঠে একটি মহল পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াচ্ছে, যাতে জনগণ ভোট দিতে না আসে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় সৃষ্টি করে বলা হচ্ছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নির্যাতন করা হবে বা নারীদের ওপর জোরজবরদস্তি চাপিয়ে দেওয়া হবে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ইসলামী শাসনের অধীনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। এ সময় তিনি সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।