বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে সহ্য করতে পারে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটরিয়ামে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এম নাসের রহমান বলেন, নির্বাচনী মাঠে তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে বীজ বপন করেছেন, এখন সেই ফসল ঘরে তোলার দায়িত্ব নেতাকর্মীদের। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ ১৮ বছর উন্নয়নবঞ্চিত মৌলভীবাজার–রাজনগরের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বিশেষভাবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এখনো ভোট দিতে পারেননি—সেই তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কী কী কাজ করবে, তা তরুণদের কাছে তুলে ধরতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।