একটি রাজনৈতিক দল সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং এখন নির্বাচনের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে—যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের সমর্থনে আয়োজিত এই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, একটি দল একসময় ৩১ দফা সংস্কারের কথা বললেও পরে সেই প্রতিশ্রুতি নিজেরাই বিক্রি করে দিয়েছে।
এখন আবার নতুন করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। এসব ফাঁকা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো আসন যেন চাঁদাবাজ, সন্ত্রাসী বা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করা শক্তির হাতে না যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রার্থী প্রীতম দাসের প্রশংসা করে নাহিদ বলেন, চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে কারাবরণ করেছেন।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি একটি গণভোট। ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে জনগণ এবার ভোটের মাধ্যমে রায় দেবে। তিনি অতীতের মতো হামলা-মামলা ও সন্ত্রাসের রাজনীতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী প্রীতম দাসসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা।