বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের সব মানুষের অধিকার ন্যায়সংগতভাবে নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকার ওয়াক আপ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে নিক্তিতে ওজন করে প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি মায়েদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেন, কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীদের গায়ে হাত এই দুটো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, দুর্নীতির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো আপোশ নেই। ভবিষ্যতে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে দাঁড়িপাল্লাকে মানুষের বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়। সেই বিজয়ের প্রতীক হলো দাঁড়িপাল্লা।
তিনি আরও বলেন, সাম্যের বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য। বেকার ভাতা দিয়ে মানুষের সম্মানহানি করতে চান না উল্লেখ করে তিনি বলেন, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে ইজ্জত নষ্ট করতে চাই না, আমরা কাজ তুলে দিতে চাই।
স্বাস্থ্যখাত নিয়েও প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।