বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং যারা অন্যায় করেনি, সেই সাধারণ মানুষদের বুকে টেনে নেওয়া হবে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “হাসিনা তার লোকজনকে ফেলে দিল্লিতে চলে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করবো। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, আর যারা অন্যায় করেনি তাদের সঙ্গে আমরা আছি।” তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, নৌকা প্রতীক না থাকলেও বিএনপির একটি প্রতিপক্ষ দল রয়েছে, সেটি হলো দাড়িপাল্লা। ১৯৯১ সালের নির্বাচনের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় ওই প্রতীক খুব কম ভোট পেয়েছিল। ফখরুল দাবি করেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেষবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পকারখানা স্থাপন, উন্নত হাসপাতাল নির্মাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তার অঙ্গীকার। তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।