বাংলাদেশ পরিচালনার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জামায়াত কিছু প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করলেও কার্যকর রাজনৈতিক নেতৃত্ব এখনো তৈরি করতে পারেনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। পার্থ বলেন, ভবিষ্যতে হয়তো জামায়াত রাজনৈতিকভাবে প্রস্তুত হতে পারে, তবে বর্তমান বাস্তবতায় দেশ পরিচালনার মতো অভিজ্ঞতা তাদের নেই।
ভারত প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের কারণে ভারত বাংলাদেশের মানুষের আস্থা হারিয়েছে। অথচ সেই ভারতের সঙ্গেই জামায়াতে ইসলামী গোপনে বৈঠক করেছে বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন পার্থ।
ভোলাবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে এবং বিএনপি ক্ষমতায় এলে তিনি মন্ত্রী হিসেবে ভোলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দেশের অন্য যেকোনো সংসদ সদস্যের তুলনায় ভোলার জন্য বেশি কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশে জেলা বিএনপি ও জেলা বিজেপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।