শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারেক রহমান সারা দেশে গিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলছেন এবং ‘আই হ্যাভ আ প্ল্যান’ বলছেন। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের পরিকল্পনা কী—তা তারা জানেন না।
তিনি লেখেন, জুলাই-আগস্টে প্রায় দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর একটি ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। এমন পরিস্থিতিতে আবার রাজনীতির নামে মানুষ খুন হতে পারে—এটা কল্পনাতীত। এই ঘটনার দায় শুধু বিএনপির নয়, সরকারকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান দেশে ফেরার পর সরকার ও প্রশাসন একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিতে তৎপর রয়েছে, শেরপুরের ঘটনা তারই ফল। তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে এবং এসব বিষয়ে আগেও সতর্ক করা হলেও বিএনপি তা আমলে নেয়নি।
পোস্টে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ নিরাপদ না হলে ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের কী উপকার হবে।