বাংলাদেশকে পরিচালনার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এখনো রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে পারেনি, তারা কেবল সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে। ভবিষ্যতে হয়তো তারা সক্ষম হতে পারে, তবে বর্তমান বাস্তবতায় দেশ পরিচালনার মতো অভিজ্ঞতা তাদের নেই।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন পার্থ। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কারণে নষ্ট হয়ে গেছে।
অথচ সেই ভারতেই জামায়াতে ইসলামী গোপন বৈঠক করছে বলে অভিযোগ করেন তিনি। পরে সেই বৈঠকের বিষয়ে গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন পার্থ।
ভোলাবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে সংসদে যেতে পারলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে তিনি মন্ত্রী হিসেবে দেশের অন্য যেকোনো সংসদ সদস্যের তুলনায় ভোলার উন্নয়নে বেশি কাজ করবেন।
সমাবেশে জেলা বিএনপি ও জেলা বিজেপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।