গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে জয়লাভ না করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনঃকষ্ট পাবেন এবং এর ফলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
বুধবার (২৮ জানুয়ারি) পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনের দশমিনা উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, এ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও দলটি তাকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, “আমি বিএনপি ও গণঅধিকার পরিষদের সমর্থিত প্রার্থী। আপনারা যদি তারেক রহমানকে নেতা হিসেবে মানেন, তাহলে তার কথার মর্যাদা রাখতে ট্রাক প্রতীকে ভোট দিন।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে তার মনোনীত প্রার্থী বিজয়ী না হলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে। তবে তাকে জয়ী করলে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলে দশমিনা ও গলাচিপা উপজেলার শতভাগ উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবেন।
নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে নুর বলেন, গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নে তার মিছিলে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। তবে তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানান।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের উদ্দেশে তিনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, হুমকি বা সহিংসতার মাধ্যমে ভোট আদায় সম্ভব নয়; জনগণের রায়ই চূড়ান্ত।