ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশের ‘এক নম্বর ক্রিমিনাল ও গডফাদার’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং হ্যারাস করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, তারা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ‘চাঁদাবাজি ও সন্ত্রাসের সিস্টেমের বিরুদ্ধে’ লড়াই করছেন।
তিনি দাবি করেন, ঢাকা–৮ আসনে প্রতি স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বিদ্যমান এবং এসব কার্যক্রমের পেছনে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয় এলাকাবাসীর কাছে ‘ওপেন সিক্রেট’।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের মনোনয়ন দিয়ে বিএনপি পুরোনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হুমকি বা ভয় দেখিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না এবং সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।