আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জনসভায় রুমিন ফারহানা বলেন, “যখন বিএনপির অনেক শীর্ষ নেতা বিদেশি নম্বর ব্যবহার করে আড়ালে ছিলেন, তখন আমিই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনে সংসদকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি।” তিনি বলেন, একা রুমিন ফারহানা কতটা দূর যেতে পারেন, তা দেশের মানুষ ইতোমধ্যে দেখেছে।
তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, “কোন দল ক্ষমতায় যাবে—এটা আপনারা আগেভাগেই কীভাবে জানেন? এটা কি হাসিনার পাতানো নির্বাচন? কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন। যত কম কথা বলা যায়, ততই ভালো।”
এ সময় তিনি নিজের প্রতীক ‘হাঁস’-এ ভোট চেয়ে বলেন, “হাঁস হলো সততার প্রতীক, সাহসের প্রতীক। আমার কোনো হাইকমান্ড নেই। কাউকে কিছু দেওয়ার বাধ্যবাধকতাও নেই।”
রুমিন ফারহানা বলেন, “জনগণ আমার পাশে ছিল বলেই আমি গত ১৫ বছর ধরে স্বৈরাচারের চোখে চোখ রেখে সংসদকে অবৈধ বলতে পেরেছি।” নির্বাচিত হলে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত ১৯টি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।