ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতা মির্জা আব্বাস-কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি এ অনুরোধ জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তার দাবি, ছাত্রদলের নেতাকর্মী ও মির্জা আব্বাসের অনুসারীরা এ হামলায় জড়িত। তিনি বলেন, এ ঘটনায় সারা দেশের মানুষের কাছে তিনি বিচার প্রার্থনা করছেন এবং ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—দলে সন্ত্রাসীদের জায়গা দেবেন নাকি দলীয় শৃঙ্খলা রক্ষা করবেন।” মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকাও সমালোচনা করেন পাটওয়ারী। তার অভিযোগ, কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং বিরোধী প্রার্থীদের নিরাপত্তাহীন অবস্থায় মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের অনুমোদন দিয়ে নির্বাচন কমিশন দুর্নীতির নজির সৃষ্টি করেছে।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।