ধানের শীষ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “এই ধরনের সুযোগ তো অনেকে বহুদিন ধরেই খুঁজছে। চেষ্টা করছে লাগানোর জন্য। কে খামাখা ঝগড়ায় জড়াবে? আমার তো এর কোনো প্রয়োজনই নেই। এমনিতেই আমার ঝগড়ার রেকর্ড আছে।”
তিনি আরও বলেন, “কোনো ঝগড়া করার দরকার আছে কেন? এসব বিষয় নিয়ে অযথা আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে যান। সেখানে ছাত্রদল পরিচয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার দিকে ডিম, পচা পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হামলাকারীরা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দিতে থাকে। ঘটনার প্রতিবাদে সেখানে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার ওপর হামলার অভিযোগও পুনর্ব্যক্ত করেন।