কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। তার দাবি, দলটির কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-১ আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়ি এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি তার আহ্বান—স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকার জন্য।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি; বরং বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটি পালাতে বাধ্য হয়েছে এবং তাদের নেতৃত্ব ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ভুল এখন নিশ্চয়ই ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই তার প্রত্যাশা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা একা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। তিনি বলেন, সবার দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। যারা দেশে রয়ে গেছেন—তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করতে পারেন, এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা বলেও তিনি মন্তব্য করেন।
ধর্মের নামে ভোট চাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি দল জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে—এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।
দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।