জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করলে দায়িত্ব শেষ হয় না; ভোটের সঠিক হিসাব নিশ্চিত করাও ভোটারদের দায়িত্ব।
সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব কাজ করেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। তবে এখন আবার একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।
ভোটের দিন করণীয় সম্পর্কে বিএনপি চেয়ারম্যান বলেন, “১২ ফেব্রুয়ারি ভোটের দিন শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না। ভোট দেওয়ার পর কেন্দ্রেই থাকতে হবে, যেন আপনার দেওয়া ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে পারেন।” তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান।
তারেক রহমান বলেন, এই দেশ আমাদের সবার—সব ধর্ম ও শ্রেণির মানুষের। সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “এই দেশ আমাদের পরিশ্রমেই গড়ে তুলতে হবে, কারণ এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।”