বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, ভোটের দিন সকাল ৮টায় মা-বোনেরা ঝাঁটা হাতে এবং পুরুষেরা ঈমান নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। সুষ্ঠুভাবে ভোট দেওয়া হলে তবেই বোঝা যাবে কার বিজয় নিশ্চিত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ-এর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নারী ভোটারদের উদ্দেশে পাপিয়া বলেন, যাদের কাছে জাতীয় পরিচয়পত্রের কপি, স্বাক্ষর বা ফোন নম্বর নেওয়া হয়েছে, তাদের বাড়িতে গিয়ে তা ফেরত চাইতে হবে। কেউ ফেরত না দিলে ৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের জনপ্রিয়তা বাড়তে থাকায় জামায়াত দিশেহারা হয়ে পড়েছে এবং বিভিন্নভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ‘তারা কীভাবে আগেই বলে বিজয় নিশ্চিত?’—এই প্রশ্ন তোলেন তিনি।
পাপিয়া আরও বলেন, প্রশাসনের উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা। তিনি দাবি করেন, জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তবেই প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে। বক্তব্যের শেষে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হারুনুর রশীদকে বিজয়ী করার আহ্বান জানান।