বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভাগ্য বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি পাবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চকরিয়ার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত ফ্যাসিবাদী সরকার তাকে গুম ও হত্যার চেষ্টা করেছিল এবং বিদেশে পাচার করেছিল। তবে জনগণের দোয়া ও আল্লাহর ইচ্ছায় তিনি ফিরে এসেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ১৫ বছরে ব্যাংক লুটের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।