চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী পদযাত্রা শুরু করেছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদের কবর জিয়ারতে অংশ নেন।
জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এনসিপি সূত্রে জানা গেছে, কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালীর উদ্দেশে রওনা দেন। সেখানে প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে আসিফ মাহমুদসহ অন্যান্য নেতাদের।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেই এনসিপি তাদের নির্বাচনী পদযাত্রা শুরু করেছে। তার মতে, এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের বার্তা পৌঁছে দিতে চায় দলটি।
নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে লোহাগাড়ায় আয়োজিত এই কর্মসূচি ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।