ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা রূপ নেয় জনসমুদ্রে। প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া সফরে আসেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার সকাল থেকে কুষ্টিয়ার নবনির্মিত শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ভেতরের অংশ পূর্ণ হয়ে গেলে বহু মানুষ বাইরে অবস্থান নেন। সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে নারীদের মাঝেও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তাদের জন্য গ্যালারিতে আলাদা বসার ব্যবস্থা করা হয় এবং সকাল ১০টার মধ্যেই কয়েক হাজার নারী সেখানে আসন নেন।
এর আগে কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানায়, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পৌঁছে সরাসরি জনসভাস্থলে যাবেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর জানান, সমাবেশ ঘিরে মঞ্চ নির্মাণ ও নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সফলভাবে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান একই দিনে কুষ্টিয়াসহ আশপাশের একাধিক জেলা সফর করবেন।