কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিয়েছে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমানের সিদ্ধান্তে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে তিনি কার্যত ভোটের মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নিয়ে তিনি এই সমর্থনের কথা প্রকাশ্যে জানান।
গণসংযোগকালে মাওলানা মজিবুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এখন তিনি জোট প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি দলীয় কৌশলগত কারণে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেননি। তবে পরবর্তীতে জোটের স্বার্থে একক প্রার্থীর পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, খেলাফত মজলিসের এই সমর্থনে ১১ দলীয় জোটের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। নির্বাচনী প্রচারে নতুন গতি আসবে বলেও তারা আশা প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই জোটের একাধিক প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত এক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হওয়া ভোটের অঙ্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, হাসনাত আবদুল্লাহর সমর্থকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেবিদ্বারজুড়ে প্রচারণা জোরদারের ঘোষণা দিয়েছেন।