সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনের প্রশ্নে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক ও জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা পরিবর্তন চান, তাদের অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রা উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচনে সাধারণ ভোটের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ভোট দিতে হবে—গণভোট। সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’—দুটি বিকল্প থাকবে। “আপনারা যদি দুর্নীতিমুক্ত দেশ, চাঁদাবাজিমুক্ত সমাজ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বলি মার্কার প্রতীক হলো ‘শাপলা কলী’। এই পরিবর্তনের পক্ষে সর্বস্তরের মানুষের সমর্থন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যারা এখনো আমাদের ভোট দেবেন না, তাদের কাছেও বারবার যেতে হবে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিতদের ফোন করে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত একটি নির্বাচন। তাই যোগ্য, শিক্ষিত ও সৎ মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।” অতীতের নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়া বা মৃত মানুষের ভোট দেওয়ার মতো নির্বাচন আর দেশের মানুষ চায় না। “আপনার ভোট, আপনার পছন্দের প্রার্থীকে দিন,”—বলেন তিনি।
এ সময় নির্বাচনি পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।