বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, দেশের উন্নয়ন কীভাবে বাস্তবায়ন করতে হয়—বিএনপি তা ভালোভাবেই জানে এবং অতীতেও তা প্রমাণ করেছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ আবারও জীবন দিতে বাধ্য হয়েছে। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এ ছাড়া আরও সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধারাই মূলত দেশের স্বাধীনতাকে রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন নারীদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল এবং অসংখ্য কৃষকের ঋণ মওকুফ করা হয়। বিএনপি সবসময় দেশ ও মানুষের উন্নয়নে বিশ্বাসী।
দলটির অভিজ্ঞতা রয়েছে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় এবং কীভাবে শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হয়। সেই অভিজ্ঞতা ও পরিকল্পনার ভিত্তিতেই বিএনপি সামনে এগিয়ে যাবে।
তারেক রহমান বলেন, ‘আমরা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। অন্য রাজনৈতিক দলকে সমালোচনা নয়, বরং উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।