পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, নির্বাচনে তথাকথিত ‘হেভিওয়েট’ প্রার্থীদের যে পূর্বনির্ধারিত ধারণা, তা আর বাংলাদেশের বাস্তবতায় টিকবে না। তিনি দাবি করেন, বিভিন্ন বড় রাজনৈতিক দলের যেসব ‘সো-কল্ড’ হেভিওয়েট নেতা দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন, এবারের নির্বাচনে তাদের ভূমিধস পরাজয় দেখতে পাবে দেশবাসী—ইনশাল্লাহ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘বিপ্লব চব্বিশের আগস্টের বার্তা এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা জনগণের মধ্যে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করছি। মানুষ এখন শুধু ১২ তারিখের অপেক্ষায়। তারা জুলুমের বিরুদ্ধে ভোট দেবে, চাঁদাবাজি, দখলদারত্ব, ক্ষমতার অপব্যবহার, হুমকি-ধমকি ও মামলা-বাণিজ্যের বিরুদ্ধে রায় দেবে ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘যারা এক বছর তিন মাস ধরে জনগণের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন ফেরেশতা সেজে মাঠে নামছে। মানুষ এ ধরনের গিরগিটি চরিত্র খুব ভালোভাবেই চেনে। ভোটের দিন মানুষ নিজের বিবেক অনুযায়ী সঠিক জায়গায় ভোট দেবে—কথায় বিভ্রান্ত হবে না।’
শুধু পঞ্চগড়-১ আসন নয়, সারাদেশেই ইনসাফ, ন্যায়বিচার ও সাধারণ মানুষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশই আগামী দিনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।’
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হুমকি-ধমকি ও ভয় দেখিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। দেশের মানুষ এখন আর আগের মতো নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই—মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিন। জনগণ তাদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। এই সিদ্ধান্তে বাধা দিলে সম্ভাবনার সবটুকুই নষ্ট হয়ে যাবে।’