বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কেউ ভোট চাইতে বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে জানাতে হবে। তিনি বলেন, এতে করে যেন তারা আর বক্তব্য দেওয়ার সুযোগ না পায়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ–এর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নতুন ভোটারদের উদ্দেশে পাপিয়া বলেন, “আবু সাইদ-মুগ্ধদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য পিকনিক পার্টির ফাঁদে পা দেওয়া যাবে না।” তিনি দাবি করেন, জামায়াত দীর্ঘদিন বিএনপি ও আওয়ামী লীগের সহায়তায় রাজনীতিতে টিকে ছিল, এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছে।
এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের সাবেক সংসদ সদস্যরা এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন করেননি। উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি তার স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।