ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে সংসদের সিট দেওয়ার মালিক নয়; একমাত্র আল্লাহ ও জনগণই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকারী।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, মমিনবাগ ও শাহজাহানপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণেও অংশ নেন।
মির্জা আব্বাস বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এলাকার জনগণ যেভাবে তাকে ভালোবেসে ভোট দিয়েছেন, এবারও তারাই কাজ ও কর্মকাণ্ড বিবেচনা করে রায় দেবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, জনগণের ওপর কথা বলা স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু দলের বক্তব্য ও একটি বিশেষ মহলের আচরণে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি সংক্রান্ত ডকুমেন্টারির বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, রাজনৈতিকভাবে কাউকে ঘায়েল করতে মিথ্যা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার কোনো সত্যতা নেই।
এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এলাকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এসব থেকে এলাকাকে মুক্ত করাই তার প্রধান লক্ষ্য।