দেশে চাঁদাবাজির পেশা ভালোভাবেই চলছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইনশাআল্লাহ কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে একটি নতুন পেশা বেশ ভালোভাবে চলছে, যার নাম চাঁদাবাজি। জনসভায় উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, কেউ কি চাঁদাবাজের বাবা, মা, ভাই, বোন কিংবা সন্তান হতে রাজি আছেন?—এর জবাবে জনতা একযোগে ‘না’ বলে সাড়া দেয়।
তিনি বলেন, যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের আজকের জনসভা থেকে আহ্বান জানাচ্ছি—ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। তবে যদি এই পথ ছেড়ে না দেন, তাহলে আমাদের পক্ষ থেকে স্পষ্ট লালকার্ড থাকবে।
চাঁদাবাজিকে ভিক্ষার চেয়েও নিকৃষ্ট উল্লেখ করে জামায়াত আমির বলেন, চাঁদা আমরা করিও না, সমর্থনও করি না—এটি আমরা ঘৃণা করি। বিষয়টি একেবারেই পরিষ্কার, এখানে কোনো রাগ বা হুমকি নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নিজেদের বিজয় নয়, জনগণের বিজয় চায়। জনগণের বিজয় নিশ্চিত হলেই সেটিই হবে জামায়াতের বিজয়।