ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।”
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ভোট যেন কেউ কারচুপি করতে না পারে সেজন্য ভোটারদেরই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। “কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি করতে না পারে—সেই দায়িত্ব আপনাদের,” বলেন তিনি।
তিনি ব্যাখ্যা করেন, হাঁস প্রতীক কোনো দল বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি সাধারণ মানুষের, জনতার প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সংসদের ৩০০ সদস্যের বিপরীতে একা লড়াই করার প্রতীক হিসেবেই হাঁসকে দেখছেন তিনি।
তিনি বলেন, “গত ১৫ বছর ধরে হাল চষে, বীজ বুনে ধান লাগিয়েছি। কিন্তু ফসল কাটার সময় দেখি সবই মরুভূমি। এবার আর তা হতে দেব না। আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।”
নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সংশ্লিষ্ট দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় একদিন কষ্ট স্বীকার করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান রুমিন ফারহানা।