জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন করা হলেও একটি রাজনৈতিক দল প্রায় সব সংস্কারের বিরোধিতা করেছে।
তিনি অভিযোগ করেন, ওই দল নতুন করে আরেকটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। এই নব্য ফ্যাসিবাদ রুখতে হলে এনসিপিকে জয়ী হতেই হবে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা থানার ৩৯ নম্বর ওয়ার্ডের সাইদ নগরে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা ধরে রাখা আমাদের দায়িত্ব।” তিনি জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটারা থানা ও এনসিপির ভাটারা থানার যৌথ উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতিকুর রহমান, ভাটারা থানা জামায়াতের আমির রেজাউল করিম,
ভাটারা থানা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ ইদ্রিস হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।