জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী বাংলাদেশ কখনোই ঋণখেলাপি কিংবা ব্যাংক লুটেরাদের হাতে তুলে দেওয়া হবে না। তার ভাষায়, “ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে সংসদে গিয়ে অনেকে দুর্নীতিতে জড়িয়েছে। “সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পর চোর-টেন্ডারবাজে পরিণত হতো। লাইসেন্স নিজেদের নামে নিয়ে লুটপাট করত।
আর এবার দেখা যাচ্ছে, একটি দল ৪৫ জন চোরকে সংসদে পাঠানোর উদ্যোগ নিয়েছে—সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে,”—বলেন তিনি। এ সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন।
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে চোর ও ডাকাতদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়নি। তরুণ প্রজন্মকে ব্যবহার করে শাসকগোষ্ঠী বারবার ক্ষমতায় গেছে। এই তরুণদের রক্তে ভেজা ক্ষমতা ও গদি শাসকদের কাছে প্রিয়।”
সমাবেশে তিনি তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন যেন আবার দুর্নীতিবাজদের হাতে তুলে না দেওয়া হয়—এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।