বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের প্রতিচ্ছবি দেখছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে একাত্মতা ঘোষণা করে ইরান বলেন, তারা কোনো আসনের প্রত্যাশা ছাড়াই এই জোটে যুক্ত হয়েছেন। তার ভাষায়, ডা. শফিকুর রহমানের মানবিক নেতৃত্ব, ব্যক্তিগত সততা ও রাজনৈতিক আচরণ গোটা জাতিকে নতুন করে উজ্জীবিত করেছে।
এমন এক সময়েই লেবার পার্টি এই ঐক্যে যুক্ত হয়েছে, যখন দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ প্রত্যাশা করছে।
তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেই কেবল জনগণের ভাগ্যের প্রকৃত পরিবর্তন আসবে না; প্রয়োজন অর্থবহ রাজনৈতিক রূপান্তর, যা মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। একই সঙ্গে সাবেক রাজনৈতিক মিত্রদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের আচরণে ফ্যাসিবাদী প্রবণতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।